নীলার এক টুকরো আকাশ!

বারান্দা থেকে ছোট্ট এক চিলতে আকাশ দেখা যায়। সেই এক চিলতে আকাশ দেখে মনে হয় যেনো ফাঁকা কোন ক্যানভাস যাতে একেক সময় একেক রং খেলে যায়। এই সাদা সাদা প্যাজা মেঘের ভেলা, এই আবার ধূসর কালো মেঘের খেলা। কখনও তাতে রংধনু ভেসে ওঠে বৃষ্টির পরে। সকালের গাঢ় কমলা সূর্য যখন উঠে তার আগে আগে আকাশে কেমন লাল কমলার আভা খেলে যায়; বেশ লাগে দেখতে। দাড়িয়ে দাড়িয়ে অনেকক্ষণ ধরে এইসব দেখা যায়। মজার ব্যাপার হলো নীল আকাশে যখন এইসব খেলা চলে, মনে মনে তুলি হাতে আঁকতে বসে যায় নীলা। শহরের উঁচু উঁচু দালানের ভিড়ে ওই এক টুকরো আকাশ যেনো ওর মনের ক্যানভাস হয়ে ধরা দেয়। নীলা অবাক হয়ে খেয়াল করে আকাশে যেমন সারাক্ষণ রং বদলের খেলা চলে, একই খেলা চলে ওর মনেও। মজার ব্যাপার হলো আকাশ কিন্তু একইরকম থেকে যায়। রোদ ঝকমকে দিনে আকাশটা স্বচ্ছ নীলবর্ণ ধারণ করে। সে সময় কোন মেঘেরও আনাগোনা থাকেনা। যে দিনটা মেঘলা যায় সেদিন আকাশে নানা রঙয়ের মেঘ ভেসে বেড়ায়; সে সময় নীলারও মনটা কেমন যেনো করে। এরপর মেঘ জমে জমে যখন ঘন ধূসর রং ধারণ করে বৃষ্টি ঝরে সে সময়টা নীলার কান্না করার মতো। কান্না করার পর মনটা যেমন হালকা লাগে, তেমনি বৃষ্টির পরও চারপাশটা কেমন ফুরফুরে আমেজে ভেসে যায়! সেই ছোট্ট আকাশের দিকে তাকিয়ে লীনা দেখে কোন দূর দূরান্ত থেকেও মেঘেরা ভেসে আসে। নীলা আস্তে আস্তে বুঝে যায় টুকরো মনে হলেও আকাশটা তো সীমাহীন; নিজস্ব কোন আকাশের ধারণাটা ভ্রান্ত। অনেক সময় তো এমন হয়েছে অনেক ফুরফুরে মেজাজে আছে নীলা, হুট করেই কোন একটা কারনে মেজাজ তিরিক্ষি হয়ে গিয়েছে। এ যেনো এক টুকরো উটকো মেঘে হঠাৎ করেই আকাশ ছেয়ে যাওয়ার মতো। নীলা বুঝে যায় সেই কথাটার মানে- ‘মানুষের মন ও আকাশের রং ক্ষণেক্ষণে বদলায়’। আকাশের রূপ বদল দেখে দেখে নীলা নিজের মনের রূপবদলের খেলাও অবলোকন করা শিখে যায়। নিজের মনের ভেতরের রূপ বদল দেখে দেখে নীলা আরও বুঝে যায় বেশীরভাগই অন্যের বা ধার করা চিন্তা-ভাবনা ও অনুভূতি, যা উটকো মেঘের মতোই মনকে আচ্ছন্ন করে রাখে। মেঘের নীচে এমন এক আকাশ আছে যা অপরিবর্তনীয়। সেই স্বচ্ছ নীল আকাশ হলো গিয়ে তার প্রকৃত স্বরুপ। মনের ভেতরে তাকিয়ে তাকিয়ে নীলা এখন বুঝে গিয়েছে কোনটি তার নিজের চিন্তা ও অনুভূতি আর কোনটি অন্যের। এখনও নীলার আকাশে মেঘ আসে, বজ্রপাত হয়, ঝড় নামে কিন্তু কোনকিছুই আর আগের মতো আলোড়িত করেনা। নীলা জানে এর সবকিছুই ক্ষণস্থায়ী, এসবেরই আড়ালে রয়েছে আদিগন্ত স্বচ্ছ নীল আকাশ যাকে কোনকিছুই পরিবর্তন করতে পারেনা, চিরনশ্বর।

tamziadmin
tamziadmin
Articles: 139