সব কিছু নষ্টদের অধিকারে যাবে!

ঢালিউডের মুভি দেখেছি অনেক বিটিভিতে, এরপর আস্তে আস্তে বলিউডের ও টালিউডের মুভিও দেখা শুরু করলাম। আবিষ্কার করলাম ঢালিউডের অনেক মুভিই আসলে টালিউড কিংবা বলিউডের কপি। এরপর যখন বলিউড ছাড়াও দক্ষিণ ভারতীয় মুভি দেখা শুরু করলাম তখন খেয়াল করলাম আসলে বলিউড হলিউডের মুভি তো কপি করেও সাথে দক্ষিণ ভারতীয় মুভি থেকেও কপি করে। কোরিয়ান, জাপানিজ, রাশিয়ান, ইউরোপিয়ান অনেক মুভিও দেখা হয়েছে কিন্তু শেষমেশ জেনে অবাক হয়েছি আমাদের সত্যজিৎ রায়ের বানানো মুভিও হলিউড কপি করেছে। সবকিছু মিলিয়ে এখন যা বুঝি সবাই আসলে সবার থেকে কপি করে। শুরুতে আইডিয়া কপি করার জন্য ডালিউড নিয়ে এক ধরণের হীনমন্যতা কাজ করতো এখন আর তেমন করেনা, তবে হ্যাঁ ডালিউডের নাটক কিংবা মুভি এখন আর তেমন দেখা হয়না। কারন আর কিছুই না বেশীরভাগ সময় খুব আগ্রহ নিয়ে বাংলাদেশের মুভি কিংবা নাটক দেখতে বসে বিনোদন তো হয়ই না তার থেকে বরং মনটা বিষাদে ভরে ওঠে। এমনকি অনেক সময় কমেডি ঘরানার নাটক দেখে মাথার ভেতর কেমন অশান্তি হয়েছে! এক সময় মনে হতো বয়স হয়েছে তাই হয়তো সহজে ইমপ্রেস হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি; কিন্তু পুরনো কিছু মুভি(সত্যজিৎ রায়ের, হুমায়ুন আহমেদের) নাটক(আব্দুল্লাহ আল মামুন, মামুনুর রশিদ, হুমায়ুন আহমেদ ইত্যাদি) যখন দেখি তখন মনে হয় নাহ ব্যাপারটা আমার বয়সের জন্যও না কিংবা নাক উঁচু হয়ে যাওয়ার জন্যও না বরং অতি নিম্নমান ও অখাদ্য নির্মানশৈলীর জন্য। কমিডি নাটক দেখে মনে হয় সেগুলো তো মোটেই কমেডি নয় বরং ভাঁড়ামিতে ভরা আর দর্শকদের জোর করে হাসানোর চেষ্টা। সত্যি বলতে কি আমাদের দেশের মানুষের রুচিবোধও অনেক নীচে নেমে গেছে, বিশেষ করে এই সময়ে বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মেও বস্তাপচা ভিডিও, reels দেখে তারা নেতিবাচক মন্তব্য করতেই পছন্দ করে কিংবা রসিয়ে মজিয়ে সেসব ভিডিও নিয়ে আলাপ জুড়ে দিতেই পছন্দ করে। ভালো কন্টেন্ট যেমন দর্শক টানে তেমনি সমঝদার দর্শক, বিশ্লেষক ও পৃষ্ঠপোষকদের জন্যই ভালো কন্টেন্ট তৈরি হয়। এক সময় সিনেমা হলগুলোতে সকল শ্রেণির মানুষের নিয়মিত আনাগোনা ছিলো। মনে পড়ে ছেলেবেলায় মা-বাবা, খালা-মামা, চাচা-চাচীরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতো দল বেঁধে, এখন বাংলা সিনেমা দেখার জন্য কয়জন মানুষ সিনেমা হলে যায়? সিনেমা হলে আমাদের প্রজন্মও যায় কিন্তু বেশীরভাগই হলিউডি মুভি দেখা জন্য (থ্রিডি মুভি তো আবার হল ছাড়া দেখার সেটআপও সবার বাসায় নেই!)। লো-বাজেটে সস্তা নাটক সিনেমা নির্মান ও সেই সাথে সর্বস্তরের দর্শক না টানতে পারার কারনে বাংলাদেশী সিনেমা ও নাটক এখন এতোটাই নিম্নমানের হয়েছে যে সেগুলো আর কোনও রকমে গেলার মতো অবস্থাতেও নেই। এই দুটি শক্তিশালী মাধ্যম একটি দেশের ও সমাজের সর্বস্তরের মানুষকে এক জায়গায় মেলবন্ধন করে দেয়ার ক্ষমতা রাখে। বাংলাদেশের নাটক সিনেমা সেই ক্ষেত্রটা অনেক আগেই হারিয়ে বসেছে; হারানো সেই জায়গাটা আবার ফিরে আসবে বলে অপেক্ষা করি! মাঝেমধ্যে আবার মনে হয় আদৌ তা কখনো ফিরে আসবে কি?! নাটক সিনেমার কথা নাহয় বাদই দিলাম, বাংলাদেশে এমন কিছু বা এমন কোন প্রসঙ্গ আছে কি যা সবাইকে এক জায়গায় আনতে পারে বা একই বোধে একতাবদ্ধ করার ক্ষমতা রাখে?

tamziadmin
tamziadmin
Articles: 150