generalize

ইস্ট এশিয়ান বনাম ইউরোপিয়ান/ ওয়েস্টার্ণ

ইস্ট এশিয়ানদের আলাদা করে চেনা যায় না। যখন থেকে জেনেছি কোরিয়ানদের জাপানি মনে করলে তারা ভীষণ ক্ষেপে যায়, এমনকি অনেক চিনাদেরকে জাপানিজ ভেবে ভুল করলেও তারা তা মানতে পারেনা তখন থেকে ইস্ট এশিয়ানদের আলাদাভাবে চেনার জন্য নানা রকম স্টাডি করেছি। যেমন এই নিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখেছি, তাদের চেহারা ও শারীরিক গঠন আলাদাভাবে সনাক্ত করতে পারার নানা ধরণের ব্যাখ্যা বিশ্লেষণ জানার চেষ্টা করেছি। অনেক সময় ওদের ব্যাপারে অনেক কিছু জানি বলে ইমপ্রেস করার জন্য কোরিয়ানদের কাছে জাপানিজ খাবারের কথা তুলে আলাপ করতে চেয়েছি! কিন্তু ফলাফল হয়েছে হিতে বিপরীত; যে কি সেই! তাদেরকে আলাদাভাবে আজও সনাক্ত করতে পারিনা বলে শেষমেশ হাল ছেড়ে দিয়েছি ওই ব্যাপারে। এখন বরং ওদেরকে শুরুতেই ন্যাশনালিটি দিয়ে সনাক্ত না করার চেষ্টা করে generalize করে মন্তব্য করি। পরিচয় পর্বের শুরুতে ওদেরকে ইস্ট এশিয়ান বলে উল্লেখ করলে অনেকটা সেইফ সাইডে থাকা যায়!

তো জার্মানিতে এসে সেই রকমের বিভ্রান্তিতে নিজেও অনেকবার পড়েছি। অনেকে জিজ্ঞেস করে বসে, ইন্ডিয়া থেকে এসেছি কিনা? অনেকে মনে করে বসে, হয়তোবা পাকিস্তান থেকে এসেছি; এমনকি অনেকে শ্রীলংকান বলেও ভুল করেছে অনেক সময়। কিন্তু ওই যে, ইস্ট এশিয়ানদেরকে যেমন আমি আলাদা করে সনাক্ত করতে পারিনা তাই কেউ আমাকে সনাক্ত করতে না পারলেও কিছু মনে করিনাই। ভুলটা একটু শুধরে দিয়েছি আস্তে করে, যে- না আমি বাংলাদেশী!

তো হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিলো কিছুদিন, সে সময় দুইজন রুমমেট এর সাথে একটা রুম শেয়ার করতে হয়েছিলো; তো ওরা আমাকে নিয়ে, আমার দেশ ও ভাষা নিয়ে আগ্রহ দেখালো। তখন ওরা জানালো যে শ্রীলংকান ও ইন্ডিয়ানদের মতোই তো দেখতে লাগে আমায়। তখন প্রত্যুত্তরে ওদেরকে জানালাম তোমাদের ইউরোপিয়ানদেরকেও আমাদের কাছে একই রকম লাগে। তখন ওরা কিছু defensive হয়েই জানালো এক জার্মানিতেই তো কত diversity; উত্তর জার্মানদের সাথে দক্ষিণ জার্মানদের কত তফাত; চুলের রং, গায়ের রং; এই সেই, এছাড়া england এর লোকজন কত সাদা, এছাড়াও তো আছে ভাষাগত, সংস্কৃতিগত ভিন্নতা। তখন আমিও ওদের জানালাম এই যে বাংলাদেশ কত ছোট একটা দেশ তারপরও আমাদের এক এলাকার ভাষা অন্য এলাকার ভাষা থেকে আলাদা, আচার ব্যবহারও আলাদা। আবার ইন্ডিয়া সেখানে তো আরও নানা ভাষা, নানা ধর্ম, নানা রঙয়ের ও সম্প্রদায়ের মানুষ রয়েছে! কিন্তু তারপরও তো তোমাদের কাছে সবাইকে একই রকম লাগে; ঠিক তেমনই কিন্তু তোমাদের পুরো ইউরোপিয়ানদেরকে এমনকি সাদাদেরকেও(white) আমাদের চোখে একই রকম লাগে। এই যেমন ধরো ইস্ট এশিয়ানদের সাথে আলাদা করে মিশলে ওদেরকে আলাদাভাবে identify করতে পারি যদিও কিন্তু ওদের সবাইকে কিন্তু আমাদের কাছে একইরকম লাগে! অসুন্দর ও ভুলভাল জার্মানে এইটুকু বোঝাতে পেরেই আমি তৃপ্ত কিন্তু সেই দুইজন দেখি অনেকটা হাল ছেড়ে দিয়ে চুপ হয়ে গেলো!

tamziadmin
tamziadmin
Articles: 150