বনসাই বটগাছের গল্প

বনসাই এক বটগাছ খুব সুন্দর একটা টবে বিরাট এক এপার্টমেন্ট বিল্ডিংয়ে বেশ যত্নআত্তির মধ্যেই বেঁচে ছিলো। ঠিকমতো (কমও না, বেশীও না) পানি দেয়া, রোদে দেয়া, ঢাল-পালা ছেঁটে দেয়া, অতি বাড় যেনো বেড়ে যেতে না পারে সেজন্য মাঝেমাঝেই শিকড়-বাকল কেটে দেয়া, নিয়মিত সার দেয়া সবই সুন্দরভাবে চলতো। বনসাই বটগাছটি বেশ আরামেই দিন পার করতো। তাকে নিয়ে সবাই কেমন ব্যতিব্যস্ত হয়ে থাকে, দেখতে ভালোই লাগে তার। রীতিমতো গাছেদের মধ্যে সেলিব্রিটি বলা চলে তাকে। একটাই সমস্যা বনসাই বটগাছটার, সে চাইলেই একটু বেশী জায়গায় ছড়াতে পারেনা, নির্ধারিত জায়গার মধ্যেই তাকে থাকতে হয় সব সময়। মাটি যদিও পাল্টে দেয়া হয় সময় সময় কিন্তু সেই একই জায়গায় সে আটকা পড়ে থাকে। এতো প্রশংসা, এতো মনোযোগ তাকে ঘিরে, তারপরও মাঝেমধ্যে তার দম আটকে আসে যেনো। মনে হয় তার- কতদিন বুক ভরে শ্বাস নেয়নি সে। একদিন টিভি প্রোগ্রামে বনসাই বটগাছটি একটা প্রকাণ্ড বটগাছ দেখতে পায়। সেই বটগাছকে ঘিরে আছে কত পশু-পাখি, কত কীটপতঙ্গ, কত ছোট গুল্ম ও লতানো গাছপালা। বনসাই বটগাছটার এরপর থেকেই কেমন একা লাগতে শুরু করে। মনে হতে থাকে যদিও সে অনেক আরাম-আয়েসে আছে; কত জায়গায় তাকে নিয়ে কত লিখালিখি হয়, তার ছবি ছাপানো হয় অথচ সেই প্রকাণ্ড বটগাছটার কাছে সেসব কিছুই নয়। সেই বিশাল বটগাছটা কত বড় জায়গায় ছড়িয়ে আছে, তার কাউকেই প্রয়োজন পড়েনা বরং অন্যদের প্রয়োজনে সে তার প্রকাণ্ড অস্তিত্ব নিয়ে দাড়িয়ে আছে। বনসাই বটগাছটি কত জায়গায় ঘুরে বেড়াতে পারে, কয়দিন পরপরই তো এই দেশ সেই দেশে ট্রিপ দিয়ে আসে কিন্তু সেই বিশাল বটগাছটার মতো দাঁড়িয়ে থাকতে সে জানেনা। প্রকাণ্ড বটগাছটা কত যে ঝড়-ঝাপটার মুখোমুখি হয়েছে- সেগুলো মোকাবিলা করেছে; তাকে দেখে, তার দৃঢ় অস্তিত্বের মধ্য দিয়ে তা ঠিক আঁচ করা যায়। বনসাই বটগাছটিকে কোন ঝড়ের মুখোমুখি হতে হয়নি, সব সময় কেউ না কেউ তার হয়ে সব সামাল দিয়েছে; এই ব্যাপারটাও কাউকে আলাদা করে বলতে হয় না, সবাই কেমন করে যেনো সব বুঝে যায়। বনসাই বটগাছটির নিজেকে বড় অসহায় ও দূর্বল মনে হয়। স্বপ্ন দেখে একদিন সেই প্রকাণ্ড বটগাছটির মতো সেও ঝড়ের মধ্যে দাড়িয়ে থাকার শক্তি অর্জন করবে; আর সে স্বপ্ন পূরণের পথে বনসাই বটগাছটি এগিয়ে যায় নিজের বিশাল অস্তিত্বকে বরণ করে নেয়ার মধ্য দিয়ে।

tamziadmin
tamziadmin
Articles: 121