বদলের ধর্ম

ঈদের নামাজ পড়তে গিয়েছি কাছের এক মসজিদে সেখানে দেখা দুইজন মরক্কান মহিলার সাথে যাদের দুইজনের সাথেই পরিচয় হয়েছে মিউনিখে আসার পরপরই। এই দুইজনই বেশ আন্তরিক, যাদের সাথে কথা হয়েছে অনেক সময় অনেককিছু নিয়ে বাসার কাছের ফ্যামিলি সেন্টারে। তাঁদের সাথে দেখা হওয়ার পর ভালোই লেগেছিলো, কিছু পরিচিত মুখ। মসজিদে ঢুকে ওদের পাশেই বসলাম। পেছনের সারিতেই দেখা হলো আরও তিন ভদ্রমহিলা যারা হিন্দিতে কথাবার্তা বলছিলেন, তাকানো মাত্রই কুশল বিনিময় হলো। জিজ্ঞেস করলাম তারা ইন্ডিয়ান কিনা মহিলারা প্রথমে বললেন হ্যাঁ তারপর জানালেন পাকিস্তানের দুইজন তৃতীয়জন নেপালি। আমি খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, নেপালেও মুসলিম আছে নাকি? নেপালি মহিলা জানালেন আছে বৈকি অনেক কম কিন্তু আছে। সাথে আরও জানালেন ২-৩% এর মতো মুসলিম আছে; তবে এটা আরও বাড়ছে, বেড়ে ৩-৫% পার্সেন্টের মতো এসেছে এখন। আমি আরও বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম কেনো এই সংখ্যা বাড়ছে! পাকিস্তানি মহিলা বললেন কেনো বাড়বেনা, ইসলাম তো (better religion) তুওলনামুলকভাবে ভালো ধর্ম। মহিলার প্রবল আত্নবিশ্বাসে কিছুটা বিস্মিত হয়ে নেপালি ভদ্রমহিলাকে পরস্কারভাবে জিজ্ঞেস করলাম যে কিভাবে বাড়ছে? মানুষ কি ধর্মান্তরিত হচ্ছে? নাকি মুসলিমরা নেপালে মাইগ্রেট (migrate) করছে? মহিলা জানালেন মুসলিমরা মাইগ্রেটও করছে, একইসাথে কনভার্টও হচ্ছে। আমাদের কথোপকথন ওখানেই মোটামুটি শেষ হয়েছিলো। ঈদের নামাজ শেষ করে ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়ে বিদায় নিয়ে বাসায় ফিরতে ফিরতে মনে হচ্ছিলো কত রকমের অপারেটিং সিস্টেম আছে এগুলোর প্রায় সবই তো ফাংশনাল! উদাহরণস্বরূপঃ মোবাইল অপারেটিং সিস্টেম android ও iOS এর কথা যদি ধরি, এই দুয়ের ব্যাবহারকারীরাই যার যার জায়গায় সন্তুষ্ট। একটা একটু বেশী দামি আরেকটা সস্তা থেকে শুরু করে দামি অনেক রকমেই পাওয়া যায়। কেউ বলে apple এর আই ফোনই সেরা, কেউ বলে android মোবাইল ফোনই সেরা; কোন দাবীই মিথ্যে নয়। কেউ যদি বলে অ্যাপল এর আইফোন better তা যেমন সার্বজনীন সত্য নয়, তেমনি কেউ যদি দাবী করে এন্ড্রয়েড মোবাইল ফোনই সেরা সেটাও সার্বজনীন সত্য নয়। যার যার ব্যক্তিত্ব, পছন্দ ও সাধ্য অনুযায়ী নির্ধারিত হয় কার জন্য কোনটা উপযোগী। ওই দুইজন মরক্কান মহিলা আমাকে চেনে হিজাব ছাড়া, তারা হিজাব পরা দেখে কয়েকবার করে জানিয়েছে যে আমাকে নাকি চেনাই যায় না! মনে মনে বলি আমিও কি আমাকে সব সময় চিনতে পারি! ওদেরকে জানালাম যে হিজাব তো আমার পোশাক নয়। তখন ওরা আমাকে উৎসাহ যোগাচ্ছে, জানাচ্ছে আমাকে ভালো লাগছে। আমি চুপ করে যাই। বুঝতে পারি তাদের পক্ষ থেকে প্রকৃত মুসলিম বানানোর তাড়না। এই যে অন্যকে শুধরানো/বদলানোর চেষ্টা এই জিনিসটা যখন কেউ করে তখন মনে পড়ে যায় শেয়ালের লেজ কাটার গল্পটা। কেনো এই তাড়না মানুষের মধ্যে কাজ করে? যেখানে মানুষ নিজেই নিজের স্বভাব, আচরণ, চিন্তা-ভাবনা বদলাতে পারেনা সেখানে সে কেনো সারাক্ষণ অন্যকে বদলানোর চেষ্টায় মেতে থাকে?! যারা অন্যকে বদলাতে চায় তারা কি নিজেকে পুরোপুরি গ্রহণ করতে পেরেছে?! যদি তাই না পারে তাহলে কেনো ভাই সারাক্ষণ অন্যকে বদলানোর ব্যার্থ চেষ্টা! ভালোবাসা মানুষকে যেমন বদলে দেয়, সেই সাথে আশেপাশের সবকিছু বদলে ফেলতে পারে। যে যেমন তাকে যদি সেভাবে গ্রহণ করতে না পারি তবে তাকে এড়িয়ে যাওয়াই কি ভালো নয়?! যখনই কেউ অন্যকে বদলাতে যায় ঠিক সেই সময় বেরিয়ে আসে এক নিয়ন্ত্রণকারী স্বত্বা। যারা সত্যিই বদলানোর ক্ষমতা রাখে তারা অন্যকে বদলানোর চেষ্টা করেনা মোটেই, বরং তারা এমনভাবে বদলে যায় যে যখন তার সংস্পর্শে অন্যরা আসে তারা নিজেদের অজান্তেই বদলে যায়। এই বদলানোর প্রক্রিয়াটা অনেকটা রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়ার মতো কিনা যেখানে কেউ কেউ প্রভাবকের ভূমিকায় কাজ করে। আসলে অন্যকে বদলানোর চেষ্টা যারা করে তারা নিজেরাই নিজেদের দুর্বল চরিত্র তুলে ধরে। যাই হোক নেপালে মুসলিমদের সংখ্যা বেড়ে যাওয়া ভালো লক্ষণ নাকি মন্দ লক্ষণ তা বলতে না পারলেও বুঝতে পারি একেকবার একেক রকম সিস্টেম আসে, সিস্টেম যায়; পরিবর্তনই জগতের নিয়ম। ইসলাম ধর্ম এখন অনেকটা আন্ডারডগদের ধর্ম, যে ধর্মানুসারীদের টেররিস্ট আখ্যা দিয়ে দমন-নিপীড়ন চলে। নিপীড়িতদের পাশে দাড়ানোর প্রবণতা মানুষের থাকে, আবার অনেক সময় একটা সিস্টেম কাজ না করলে নতুন আরেকটা সিস্টেম চলে আসে সেই জায়গায়। এক সময় ফিয়াউনের সাথে ইস্রায়েলিদের দ্বন্দ্ব ছিলো এবং তখন ইস্রায়েলিরা ছিলো আন্ডারডগ। সেই ইস্রায়েলীরাই আজকে ফিরাউনের ভূমিকায়! নিশ্চিত করে বলা যায় না যে ভবিষ্যতে মুসলিমরাও ফিরাউনের ভূমিকায় অবতীর্ণ হবেনা?! আসলে পালাবদলের এই গেইম চলতেই থাকবে, কেবল নতুন নতুন নাম নিয়ে; তাই যারা ধর্ম বুঝতে চায় তারা জানে কোন এক পক্ষ নিয়ে সেই পক্ষের সাফাই গাইলেই দায় সারা হওয়া যায়না!

tamziadmin
tamziadmin
Articles: 103