বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়!

বাগানের নাম ফুলবাগিচা, সেই বাগানে অনেক ফুল ফুটেছে, ফুলগুলো দেখতে যেমন সুন্দর, গন্ধেও তেমন মন ভুলানো। ফুলের সৌন্দর্য আর সুরভিতে বাগানের চারপাশে মৌমাছি আর পাখিরা ভিড় করেছে। বাগানের পাশের পথ দিয়ে হেটে যাওয়া পথচারীরা থেমে যাচ্ছে, কিছুক্ষণ দাড়িয়ে থেকে দেখে আবার যার যার গন্তব্যে চলে যাচ্ছে। বাগানের যে মালিক সেও বাগানে অনেক সময় কাটায়, একেকটা ফুলের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে আর বাগান ঘুরে ঘুরে গাছগুলোর যত্নআত্তি করে। বাগানটায় একেক সময়ে একেক ঋতুতে বিভিন্ন রকমের বাহারি রঙয়ের ফুল আসেঃ লাল-হলুদ-কালো-বেগুনী-নীল-গোলাপী-কমলা-সাদা সহ নানা রঙের, নানা আকারের, নানা গন্ধের ফুল। এক লোক সে বাগানে আসলো আর সবার মতোই, সে এসে প্রথমেই বাগানের মালিককে জানালো যে তার বাগানের সব ফুল সুন্দর। বাগানের মালিক সে লোকের মুখ থেকে বাগানের প্রশংসা শুনে মনে মনে খুশি হলো। এরপর সে লোকটি বলতে শুরু করলো ফুলগুলো কি রঙয়ের সেটা তার কাছে গুরুতপূর্ণ বিষয় না। তার কাছে গুরুত্বপূর্ণ হলো ফুলগুলোর সুরভী, আর তার পেশাই হলো সুগন্ধি তৈরি করা। সেই বাগানে আরেক লোক এলো সে বাগানের মালিককে জানালো তার বাগানের ফুলের কালেকশন তার খুব সমৃদ্ধ মনে হয়েছে, ফুলগুলোও সুন্দর কিন্তু তার কাছে সৌন্দর্যই সব নয়, ফুলগুলোর উপযোগিতা তার কাছে গুরুত্বপূর্ণ, কারন সে পেশায় ভেষজ/আয়ুর্বেদ চিকিৎসার সাথে জড়িত। সে বাগানেই আরেক লোক এলো যে কিনা পেশায় চিত্রশিল্পী, সে বাগানের নানা রঙয়ের ফুল দেখে মুগ্ধ হয়ে গেলো, সে বাগানের মালিককে জানালো এতো বাহারি রঙের ফুল সে আর কোথাও দেখেনি। এতো রকমের রং আছে বলেই তার বাগানটার নাম মানুষের মুখে মুখে ঘুরছে। এরপর সেই বাগানে এক কবি এলো, বাগানে ঢুকেই ফুলের নানা রং ও গন্ধে সে পাগলপ্রায়, যেনো সে তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে সবটুকু অনুভব করছে! বাগানের মালিককে সে কিছুই বললো না, কারন কিছু জানানোর প্রয়োজন নেই বলেই তার মনে হলো। শেষমেশ বাগানে এলো এক চোর, সে বাগানে ঢুকেই বিষম খেলো একটা, এতো সুন্দর সেই বাগানের সন্ধান কেনো সে এতদিন পায়নি এই ভেবে! সে লোক বাগানের মালিককে জানালো এতো এতো বিরল ফুলের বাগান, সে বাগানের নিরাপত্তা ব্যাবস্থা নেই কেনো?! বাগানের চারপাশে বিশাল প্রাচীরের ব্যবস্থা করা উচিত, প্রহরীর ব্যবস্থা করা দরকার যাতে করে সবাই দেখতে না পারে, ঢুকতে না পায়; নাহলে যখন তখন যে কেউ এসে ফুলসহ ফুলগাছগুলো চুরি করে নিয়ে যেতে পারে। বাগানের মালিক সবার কথা শুনে আর আপনমনে হেসেই কুটিকুটি হয় এই ভেবে- বাগান সে তো আজ আছে, কাল তা নাও থাকতে পারে। তবে বাগানকে কেন্দ্র করে সে যে কত রকমের মানুষ চিনছে সেটাই বা কম কি?! আর মজার ব্যাপার হলো, সবাই যার যার পরিচয় নিজে এসেই দিয়ে যাচ্ছে!

tamziadmin
tamziadmin
Articles: 91